স্বাধীনতা : মুক্ত আকাশে আত্মার শুদ্ধ উড়ান
স্বাধীনতা : মুক্ত আকাশে আত্মার শুদ্ধ উড়ান=============================
স্বাধীনতা—এই শব্দটি উচ্চারণেই যেন এক ধরণের প্রশান্তি আছে। মনে হয়, দিগন্ত জোড়া নীল আকাশের নিচে আমি একা দাঁড়িয়ে আছি, এবং আমি যা চাই, তা-ই করতে পারি। কিন্তু এই ‘যা চাই তাই করতে পারা’র মাঝে এক বিপুল বিভ্রান্তি লুকিয়ে থাকে, যা আমাদের স্বাধীনতাকে নিয়ন্ত্রণহীন স্বেচ্ছাচারিতার পথে ঠেলে দেয়। অথচ প্রকৃত স্বাধীনতা কখনোই স্বেচ্ছাচারিতার সমার্থক নয়। বরং স্বাধীনতা হলো—দায়িত্ববোধ ও নৈতিক উপলব্ধির মধ্যে ভারসাম্য স্থাপন করার এক মহান মানবিক ক্ষমতা।
আমরা যদি একটি কারাগারের কথা ভাবি, সেখানে বন্দি মানুষটি জানে—তার হাত-পা বাঁধা, তার সময় সীমিত, সে ইচ্ছেমতো চলাফেরা করতে পারে না। এ এক জাগতিক শারীরিক পরাধীনতা। কিন্তু একজন মানুষ মুক্ত বাতাসে হাঁটছে, অথচ সে নিজের লোভ, রাগ, হিংসা, স্বার্থপরতা ও নৈতিক দুর্বলতার শিকলে বাঁধা—সে কি সত্যিকার অর্থে মুক্ত? না, সে বন্দি, অদৃশ্য এক আত্মিক কারাগারে।
সুতরাং প্রশ্ন হলো—স্বাধীনতা কী?
![]() |
| “ True freedom lies not in boundless choices, but in the conscious balance of responsibility, morality, and respect for others ” |
স্বাধীনতা হচ্ছে এমন এক অবস্থা, যেখানে আমি আমার বিবেক ও উপলব্ধি অনুসারে সঠিক ও ন্যায়সংগত পথটি বেছে নিতে পারি, যেখানে আমার সিদ্ধান্ত অন্যের জীবনে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে না, বরং তার অধিকার ও মর্যাদাকে সম্মান জানায়। স্বাধীনতা আসলে একটি নৈতিক চুক্তি—আমার ও সমাজের মাঝে, আমার ও সৃষ্টিকর্তার মাঝে।
ধরুন, আপনি বললেন—"আমি স্বাধীন, তাই আমি যা খুশি তাই করব। কাউকে অপমান করব, মিথ্যা বলব, ক্ষতি করব।" তাহলে আপনাকে প্রশ্ন করা হবে—"আপনার এই কর্মকাণ্ডের ফলে যদি অন্যের অধিকার হরণ হয়, যদি অন্য কেউ তার জীবনযাত্রার স্বাধীনতা হারায়, তবে আপনার ‘স্বাধীনতা’ কি তখনো ন্যায্য থাকে?" স্বাভাবিকভাবে উত্তর হবে—না।
কারণ, প্রকৃত স্বাধীনতা হলো একে অপরের স্বাধীনতাকে রক্ষা করার মধ্য দিয়ে বিকশিত হওয়া। নিজের স্বাধীনতার চর্চা তখনই মহৎ হয়ে ওঠে, যখন তা অন্যের ওপর আরোপিত হয় না, বরং তাকে বাঁচতে শেখায়, শ্বাস নিতে দেয়। যে ব্যক্তি খারাপ কাজ করে, সে নিজেই পরাধীন। সে নিজের দুর্বল প্রবৃত্তির দাস, তা যতই বাহ্যিকভাবে মুক্ত দেখাক না কেন। যেমন ধরুন—একজন মানুষ অন্যের ক্ষতি করছে, মিথ্যা বলছে, দুর্নীতি করছে। সে আসলে নিজের লোভ, অহংকার ও অজ্ঞতার কাছে বন্দি। তার স্বাধীনতা তখন মোহবদ্ধ, যা শুধু তার নয়, সমাজেরও অশান্তির কারণ। ফলে আমরা বুঝি, খারাপের সাথে স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। খারাপ হলেই, স্বাধীনতাও ক্ষয়ে যেতে থাকে।
একটি দেশের সংবিধান নাগরিকদের ‘স্বাধীনতা’ দেয়, কিন্তু সেই স্বাধীনতার মধ্যে সীমারেখা থাকে। কেন? কারণ সীমাহীন স্বাধীনতা অরাজকতা ডেকে আনে। আর সেই সীমারেখা নির্ধারণ করে বিবেক, নৈতিকতা, আইন ও সামাজিক দায়বদ্ধতা। একজন ব্যক্তি যদি এই সীমা লঙ্ঘন করে নিজের ইচ্ছামতো আচরণ করতে থাকে, তবে তা গণতান্ত্রিক স্বাধীনতা নয়, বরং নৈরাজ্য।
এই কথাগুলো কেবল সমাজবিজ্ঞান বা রাষ্ট্রদর্শনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্মীয় দর্শনেও স্বাধীনতার একটি সুস্পষ্ট ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা মানুষকে "আহসানু তাকওয়ীম" অর্থাৎ ‘সর্বোত্তম গঠন’ দিয়ে সৃষ্টি করেছেন। তিনি তাকে বুদ্ধি, বিবেক ও মুক্ত ইচ্ছা দিয়েছেন—যাতে মানুষ ভালো-মন্দের পার্থক্য বুঝে সঠিক পথ বেছে নিতে পারে। এই ইচ্ছার স্বাধীনতাই তাকে ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ করে তোলে, আবার এই ইচ্ছার অপব্যবহারই তাকে পশুর চেয়েও অধম করে ফেলে। তাই আমাদের স্বাধীনতা তখনই পবিত্র, যখন তা ভালো কাজের দিকেই প্রবাহিত হয়।
ভালো কাজ মানেই শুধু নামাজ-রোজা নয়—বরং সততা, সহানুভূতি, দয়া, ক্ষমাশীলতা, পরোপকার, জ্ঞানার্জন ইত্যাদির সম্মিলন। আর খারাপ কাজ মানে শুধু চুরি-ডাকাতি নয়—বরং অহংকার, পরনিন্দা, হিংসা, প্রতারণা, দায়িত্ব এড়িয়ে চলা, মিথ্যাচার প্রভৃতি।
মানুষ ভালো হতে পারে দুইভাবে—
১. চরিত্রকে শুদ্ধ করার মাধ্যমে
২. জ্ঞান অর্জনের মাধ্যমে
চরিত্র গঠনের কথা যেন শোনায় ধুয়ো তুলির মতো, কিন্তু আসলে তা জমিনের মতো শক্ত ভিত্তি। চরিত্র শুদ্ধি হচ্ছে সেই অভ্যন্তরীণ আলোকধারা, যা নিজেকে আত্মিক কারাগার থেকে মুক্তি দেয়। আর জ্ঞান সেই চাবিকাঠি, যা মনের অন্ধকার কুঠুরিতে আলো জ্বালায়। জ্ঞান মানে কেবল পড়া নয়, বরং বোঝা। জ্ঞান মানে কেবল শ্রেণিকক্ষের বই মুখস্থ করা নয়। বরং উপলব্ধি করা। জ্ঞান মানে গাছের পাতা পড়ে শেখা, নদীর স্রোত শুনে উপলব্ধি করা, কারো চোখে জল দেখে হৃদয় কাঁপা। আর সৃষ্টিকর্তা কুরআনের প্রথম আদেশেই বলেছেন—"ইক্বরা" অর্থাৎ "পড়ো।"
এই ছোট্ট শব্দটির ভেতর লুকিয়ে আছে স্বাধীনতার রাজপথ। কারণ পড়লেই জানবো, জানলেই বুঝবো, বুঝলেই ভালোকে আঁকড়ে ধরবো। এই পড়ার নির্দেশ কেবল একটি ধর্মীয় অনুশাসন নয়, এটি মানব সভ্যতার বুদ্ধিবৃত্তিক জাগরণের সূচনা। কারণ পড়ার মধ্য দিয়েই মানুষ জানতে পারে, বোঝে এবং নিজের ভুল শুধরে নেয়। সে নিজেকে গঠন করে, অন্যের জন্য উপকারী হয়।
সুতরাং আসুন, আমরা এমন একটি সমাজ গড়ি, যেখানে স্বাধীনতা মানে হবে না দম্ভ, বরং দায়িত্ব। যেখানে মুক্তি মানে হবে না সীমাহীন ইচ্ছার উল্লাস, বরং নৈতিক শৃঙ্খলার সৌন্দর্য। যেখানে কেউ কারও ওপরে আধিপত্য বিস্তার করবে না, বরং একজন আরেকজনকে সম্মান দেখাবে।আমরা নিজেদের মধ্যে ভালোবাসা, দয়া, সহমর্মিতা আর জ্ঞানের আলো জ্বালিয়ে নিজেদের স্বাধীনতাকে অন্যের জন্য আশীর্বাদ বানাই, যন্ত্রণা নয়। এবং প্রতিজ্ঞা করি—কোনো খারাপ কাজ, কোনো অহংকার, কোনো দম্ভ যেন আমাদের এই মহান স্বাধীনতাকে কলঙ্কিত না করে।
আমরা হবো— সেই প্রজাপতি, যে ডানায় রঙ মেখে ফুলের খোঁজে যায়, কখনো ফুলের ক্ষতি করে না। আমরা সেই বাতাস, যে বাতাস গাছকে না ভেঙে, তাকে আলতো করে দোলায়। কারণ স্বাধীনতা তখনই অর্থবহ, যখন তা সত্য, সুন্দরের পথে এগিয়ে যায়। আর খারাপ কাজ তখনই ধ্বংস হয়, যখন মানুষ নিজেকে চিনে, নিজের দায়িত্ব বোঝে, এবং জ্ঞানের আলোর দিকে অগ্রসর হয়। সত্যিকারের স্বাধীনতা শুধু নিজের ইচ্ছা নয়, বরং অন্যের ইচ্ছাকে সম্মান দেওয়ার নামও। আর এই দৃষ্টিভঙ্গিই আমাদের পরিণত করে প্রকৃত মানুষে—আলোকিত, পরিপূর্ণ ও প্রকৃতপক্ষে মুক্ত।
স্বাধীনতার সাথে খারাপের সম্পর্ক নেই
©✍️ হাফেজ এস. এম. রেজাউল আলম

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন